বুধবার, ২২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭

বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৪৯তম প্রযোজনায় ‘লালননামা’ মঞ্চস্থ

লালন ফকিরের দর্শন ও জীবনকথায় মুগ্ধ দর্শক

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৪৯তম প্রযোজনায় ‘লালননামা’ মঞ্চস্থ

বাউল সম্রাট লালন ফকিরের দর্শন, জীবনবোধ ও মানবতাবাদী চিন্তাধারাকে কেন্দ্র করে চাঁদপুরে মঞ্চস্থ হয়েছে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৪৯তম প্রযোজনা নাটক ‘লালননামা’। সংগঠনের অন্যতম কর্মকর্তা, বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও নাট্যাভিনেতা প্রয়াত জিয়াউল আহসান টিটোর স্মরণে সোমবার (২০ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটির মঞ্চায়ন করা হয়।

বাউল সম্রাট লালন ফকিরের দর্শন ও কাহিনি নিয়ে নাটক হিসেবে নির্মিত ‘লালননামা’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছিলেন জিয়াউল আহসান টিটো। নাটকটির মধ্য দিয়ে লালন ফকিরের জীবনদর্শন, মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা এবং প্রচলিত সামাজিক বিভাজনের বিরুদ্ধে তাঁর গভীর দার্শনিক ভাবনাকে নাট্যরূপে তুলে ধরা হয়েছে। নাট্য মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বর্ণচোরা নাট্যগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত এ নাট্য প্রদর্শনীতে চাঁদপুরের নাট্যাঙ্গন ও সংস্কৃতিপ্রেমী দর্শকদের উপস্থিতিতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বর্ণচোরা নাট্যগোষ্ঠীর দীর্ঘ নাট্যচর্চার ধারাবাহিকতায় ‘লালননামা’ তাদের ৪৯তম প্রযোজনা। সংগঠনটির নাট্যচর্চার ইতিহাসে এ প্রযোজনাটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে সংশ্লিষ্টরা জানান। লালন ফকিরের দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নাটকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন নাট্য সংশ্লিষ্টরা।

লালনমামা নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান শিশির, শরীফ চৌধুরী, মাকসুদুল ইসলাম খান রতন, শুভ রক্ষিত, নাজমুল হোসেন বাপ্পী, সিয়াম খান, মরিয়ম আক্তার মাহি, মুক্তা ইসলাম মিম, চৈতী শীল তৃণা, আসমা আক্তার পাখি, আসিফুল আলম, দেবব্রত সরকার বিজয়, রাজা মজুমদার, মাজহারুল ইসলাম মিলন, প্রণব ঘোষ, নূরে আলম নয়ন, বলাই চন্দ্র সরকার, বিশ্বজিৎ দেবনাথ প্রিতম ও হিমি আক্তার। সংগীত ও বাদ্যযন্ত্রে ছিলেন বিচিত্রা সাহা, মানিক দেবনাথ, শান্তি রক্ষিত, শুভ ও মোস্তফা কামাল।

নাটকটির মঞ্চায়নে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা। আলোক পরিকল্পনা, মঞ্চ পরিকল্পনা, পোশাক পরিকল্পনা, কোরিওগ্রাফি, সংগীত পরিচালনা, নৃত্য পরিচালনা, রূপসজ্জা এবং মঞ্চ নির্মাণ ও রিকুইজিট ব্যবস্থাপনায় তাদের সৃজনশীল ভূমিকা নাটকটির মঞ্চায়নকে আরও সমৃদ্ধ করে।

বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায় এবং সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে নাটকটির মঞ্চায়ন সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে চাঁদপুরের নাট্যাঙ্গনে নিয়মিত নাট্যচর্চা ও প্রযোজনা উপস্থাপনের মাধ্যমে বর্ণচোরা নাট্যগোষ্ঠী স্থানীয় সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

লালনের দর্শন ও জীবনকথাকে কেন্দ্র করে নির্মিত ‘লালননামা’ নাটকটি দর্শকদের মাঝে গভীর ভাবনা ও অনুভূতির সৃষ্টি করে। মঞ্চায়ন শেষে নাট্যপ্রেমী দর্শকরা নাটকটির বিষয়বস্তু, অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়