প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩২
হাইমচরে মরণফাঁদে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক: দুর্ভোগে শিক্ষার্থী ও চরাঞ্চলের হাজারো কৃষক

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের সংযোগ সড়কটি এখন সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম। উপজেলার ৭নং ও ৯নং ওয়ার্ডের সংযোগস্থল, বিশেষ করে বিল্লাল বেপারী মৎস্য খামার সংলগ্ন ও শাহজাহান গাজীর বাড়ির পাশের সড়কটির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে, প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ।
|আরো খবর
সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে চরাঞ্চল থেকে আসা কৃষকরা প্রতি শুক্রবার ও সোমবার তাদের উৎপাদিত পণ্য নিয়ে হাইমচরের ঐতিহ্যবাহী হাওলাদার বাজারে যান। এ ছাড়া ৭নং ওয়ার্ডের ব্যবসায়ী ও এলাকাবাসী গরু কেনা-বেচা থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনে হাইমচর বাজার, মাছ ঘাট ও চরভৈরবী বাজারে যাওয়ার জন্য এই পথটিই ব্যবহার করেন। কিন্তু রাস্তার বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের অর্থনীতির চাকা।
দুর্ভোগের নেপথ্যে প্রাকৃতিক ও অবকাঠামোগত কারণ
স্থানীয়দের মতে, প্রতি বছর ভারী বৃষ্টিপাত এবং জোয়ারের পানির চাপে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। রাস্তার দুই পাশে দুটি বিশাল বিলের অবস্থান হওয়ায় জোয়ারের পানি তীব্র গতিতে রাস্তার মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে খালে গিয়ে পড়ে। পানির এই প্রবল চাপের কারণেই প্রতি বছর রাস্তাটি ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ
দীর্ঘদিন ধরে রাস্তাটি এই অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তদারকি বা সংস্কারের উদ্যোগ না থাকায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান:
"আমরা বছরের পর বছর ঝুঁকি নিয়ে চলাচল করছি। অনেক দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কেউ রাস্তাটি পরিদর্শনে আসার প্রয়োজন বোধ করেনি।"
উন্নয়ন কি শুধু শহরকেন্দ্রিক?
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের দাবি—উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক হওয়া উচিত নয়। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং দেশের মেরুদণ্ড হলো এই গ্রামের কৃষকরা। কৃষক যদি তার ফসল সঠিক সময়ে বাজারে নিতে না পারে, তবে তার প্রভাব পড়বে পুরো দেশের ওপর। 'কৃষক বাঁচলে, কৃষি বাঁচবে; আর কৃষি বাঁচলে দেশ বাঁচবে'—এই স্লোগানকে সামনে রেখে দ্রুত গ্রামীণ অবকাঠামো উন্নয়নের দাবি জোরালো হচ্ছে।
এলাকাবাসী, ব্যবসায়ী ও চরাঞ্চলের ভুক্তভোগী কৃষকদের প্রাণের দাবি—জনস্বার্থে এবং অর্থনীতির স্বার্থে এই গুরুত্বপূর্ণ সড়কটি যেন দ্রুত সংস্কারের আওতায় আনা হয়।
ডিসিকে /এমজেডএইচ




