শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৩:০১

বাবুরহাট বাজারে দুর্ধর্ষ চুরি: স্মৃতি ট্রেডার্সের ১০ লক্ষ টাকার মালামাল লুট

আব্দুল্লাহ আল মামুন
বাবুরহাট বাজারে দুর্ধর্ষ চুরি: স্মৃতি ট্রেডার্সের ১০ লক্ষ টাকার মালামাল লুট

চাঁদপুর সদরের ২০০ বছরের ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারে গতকাল গভীর রাতে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। বাজারের মধ্যবাজারে অবস্থিত স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স স্মৃতি ট্রেডার্স’-এর পেছনের ভেন্টিলেটর, গ্রিল এবং কেচি গেট ভেঙে চোরচক্র দোকানে প্রবেশ করে এই লুটপাট চালায়।

দোকান মালিক আলহাজ্ব মো. মাইনুল ইসলাম মমিন জানান, প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে সাতটায় কর্মচারীরা দোকান খুলতে এসে ভেতরকার মালামাল এলোমেলো দেখতে পান। তারা লক্ষ্য করেন দোকানের পেছনের গেট ও গ্রিল ভাঙা। চোরচক্র দোকানে প্রবেশের পর প্রথমেই প্রতিটি সিসি ক্যামেরার তার ছিঁড়ে ফেলে এবং ক্যামেরাগুলো ক্ষতিগ্রস্ত করে যাতে কোনো প্রমাণ না থাকে।

​দোকান থেকে মূল্যবান মালামাল, বিশেষ করে বিপুল পরিমাণ সিগারেটের কার্টুন, এলাচি, গুঁড়ো দুধসহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

স্মৃতি ট্রেডার্সের মালিক আলহাজ্ব মো. মাইনুল ইসলাম মমিন চাঁদপুর কণ্ঠকে বলেন, "আমি এই বাজারে দীর্ঘ ২০ বছর ধরে ব্যবসা করছি, কিন্তু কখনো এমন ঘটনার সম্মুখীন হইনি। দোকানের পেছনে খালি জায়গায় প্রতিদিন এক শ্রেণির মাদকসেবী ও বখাটেদের আড্ডা বসে। তারাই এই ঘটনার সাথে জড়িত বলে আমার ধারণা।"

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এসআই কামাল জানান, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে এই চুরির সাথে স্থানীয় মাদকসেবী ও বাইরের কোনো পেশাদার চোরচক্র জড়িত থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাবুরহাট বাজার পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা মাসুদ পালোয়ান এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, "বাজারের নিরাপত্তার বিষয়ে কমিটি সবসময় সজাগ থাকে। তবে মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। পুলিশকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।"

২৫ বছরেরও বেশি সময় ধরে সুনামের সাথে ব্যবসা করে আসা স্মৃতি ট্রেডার্সে এমন চুরির ঘটনায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিক সমাজের দাবি, এলাকায় মাদকসেবীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তারা।

​শেষ খবর পাওয়া পর্যন্ত, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়