রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৪:২৫

চাঁদপুরে ১৯ ভরি স্বর্ণ ও টাকাসহ ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুরে ১৯ ভরি স্বর্ণ ও টাকাসহ ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অভিযানে ছিনতাইয়ে জড়িত মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় খোয়া যাওয়া ১৯ ভরি স্বর্ণের মধ্যে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখ ভোর ৪টা ৫৬ মিনিটে চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে চাঁদপুর স্টেশনে পৌঁছান। এ সময় ওঁত পেতে থাকা ছিনতাইকারীরা তার ওপর হামলা চালিয়ে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ছায়া তদন্ত শুরু করে।

পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমানের নেতৃত্বে এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই জহির উদ্দিনসহ একটি বিশেষ টিম অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে ঘটনার মূল হোতা মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) এবং রাব্বি হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদ হোসেন চাঁদপুর শহরের রেলওয়ে শ্রমিক কলোনির মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং রাব্বি হোসেন শহরের জামতলা এলাকার আব্দুল মালেক কুড়ালির ছেলে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর ভোরে কিশোরগঞ্জ সদর থানার মাইজকান্দি গ্রামে অভিযান চালিয়ে জাহিদ ওরফে গরু জাহিদকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

যেভাবে উদ্ধার হলো স্বর্ণ

গ্রেপ্তার জাহিদ ওরফে গরু জাহিদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর বড় স্টেশন বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পন্টুনের সুড়ঙ্গ থেকে লুকিয়ে রাখা স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়। আসামির দেওয়া তথ্য ও শনাক্তকরণের ভিত্তিতে পুলিশ সেখান থেকে লুকানো স্বর্ণালংকারগুলো জব্দ করে।

উদ্ধারকৃত স্বর্ণালংকারের মধ্যে রয়েছে—৭টি চেইন, ৫টি আংটি, ৪ জোড়া কানের দুল, ২টি রুলি, ১টি গলার হার এবং ১টি ব্রেসলেট। উদ্ধার হওয়া এসব স্বর্ণালংকারের মোট ওজন প্রায় ১৮ ভরি।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বলেন, অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সঙ্গে পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনার সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়