প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৫:০১
কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী রংপুর থেকে গ্রেফতার

কচুয়ায় স্বামীর পরকীয়া সম্পর্কে প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেন স্বামী আলমগীর হোসেন। ঘটনার পর পলাতক আলমগীরকে ২৪ ঘন্টা না পেরুতেই রংপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কচুয়া থানা পুলিশ।
|আরো খবর
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আলমগীর হোসেনকে মামলার নিয়োগকৃত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ রংপুর থেকে গ্রেফতার করেছে। তাকে কচুয়া থানায় আনা হচ্ছে। রোববার (২৮ জুন ২০২৬) জিজ্ঞাসাবাদের জন্যে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। অপর অভিযুক্ত শাহীন আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ১৮ বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, গত দু বছর ধরে আলমগীর তার চাচাতো ভাই প্রবাসী হুমায়ুনের স্ত্রী শাহীন আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিলো। এর জেরে বৃহস্পতিবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর স্ত্রী মরিয়মকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহতাবস্থায় জ্ঞান হারালে তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে আলমগীর পলাতক ছিলেন। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাহীন আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।








