প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১
হাজীগঞ্জে ভোটের মাঠে দু যুবকের এক মাস করে কারাদণ্ড

কামরুজ্জামান টুটুল।।
|আরো খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন জাল ভোট দিতে এসে দু যুবকের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভিন্নভাবে পরিচালিত আদালতের মধ্যে একটি হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নে রাজারগাঁও কেন্দ্রের ও অপরটি একই উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সপ্রাবি কেন্দ্রের।
এর মধ্যে মোহাম্মদপুর সপ্রাবি কেন্দ্রে জাল ভোট দেওয়ায় মুহিবুল্যাহ নাহিদকে ১ মাসের কারাদণ্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এবং রাজারগাঁও কেন্দ্রে হারেস বেপারীকে ১ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। আদালত পরিচালিত হয় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে ও বিকেলে।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত হারেছ বেপারী উক্ত ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের শাহআলম বেপারীর ছেলে ও মহিবুল্যাহ মোহাম্মদপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।
জানা যায়, হাজীগঞ্জ উপজেলার উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসেন হারেছ বেপারী। এ সময় তাকে আটক করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান জানান, হারেছ বেপারী নামক এক ব্যক্তি ভোট দিতে আসেন। এ সময় যাচাই-বাছাই করে জাল ভোটের বিষয়টি নিশ্চিত হন এবং তিনি স্বীকার করার পর তাকে এ দণ্ড দেয়া হয়।
অপরদিকে মোহাম্মদপুর সপ্রাবি কেন্দ্রে জাল ভোট দেবার দায়ে যুবক মুহিবুল্যাহ নাহিদকে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। এ দিন দুপুরের কিছু পরে এ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা শেষে দণ্ডপ্রাপ্ত উভয়কে পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয় বলে আদালত সূত্র জানায়।








