প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১
মাত্র ৫ টাকায় মিলবে এমবিবিএস ডাক্তারের সেবা
পুরাণবাজারের শতবর্ষী পৌর দাতব্য চিকিৎসালয় ফের চালু হচ্ছে আজ

শত বছরের ঐতিহ্য ও সেবার অনন্য ঠিকানা চাঁদপুর শহরের ‘পুরাণবাজার পৌর দাতব্য চিকিৎসালয়’ নতুন রূপে আবার চালু হতে যাচ্ছে আজ। আধুনিকায়ন, প্রয়োজনীয় সংস্কার ও পুনর্নির্মাণ শেষে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় এই চিকিৎসালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
|আরো খবর
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসালয়টির শুভ উদ্বোধন করবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির আধুনিকায়ন সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করবেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা।
১৯২০ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন চিকিৎসালয়টি দীর্ঘদিন বন্ধ ছিলো। চাঁদপুর পৌরসভার বাণিজ্যিক কেন্দ্র পুরাণবাজারসহ আশপাশের অধিবাসীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি নতুন উদ্যমে চালু করা হচ্ছে। পৌরসভা ইতোমধ্যে নামমাত্র মূল্যে চিকিৎসা দিতে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগ দিয়েছে। নিয়মিত মেডিকেল অফিসার হিসেবে সেবা দেবেন ডা. তানজিল হোসেন (এমবিবিএস, সিসিডি, পিজিটি-কার্ডিওলজি)।
সেবাসমূহ ও সময়সূচি : মাত্র ৫ টাকার টিকিটে মিলবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা। এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। প্রতি রোববার শিশুদের জন্য থাকছে রুটিন ইপিআই টিকাদান কর্মসূচি।
প্রতি সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসাসেবা চালু থাকবে。
সেবা গ্রহণের শর্তাবলি : সেবাগ্রহীতাদের অবশ্যই চাঁদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। চিকিৎসাসেবা গ্রহণের জন্য প্রামাণিক দলিল হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন সনদ, নাগরিক সনদ অথবা টিকা কার্ডের যে কোনো একটি সঙ্গে আনতে হবে。
শতবর্ষী এই চিকিৎসালয়টি পুনরায় চালু হওয়ার খবরে পুরাণবাজার এলাকার বাসিন্দাদের মাঝে উৎসবের আমেজ ও ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে。
ডিসিকে /এমজেডএইচ








