প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২২:০৭
নতুন কুঁড়ির ৩ যুগপূর্তি উপলক্ষে মেহেদি উৎসব ও পুরস্কার বিতরণ

বাঙালি নারীর ঐতিহ্য, সৌন্দর্যচর্চা ও সৃজনশীলতার প্রকাশে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মেহেদি উৎসব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 'নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন'-এর ৩ যুগপূর্তি উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়।
|আরো খবর
‘মেহেদি রঙে রাঙাবো হাত’ শীর্ষক এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মেহেদির নান্দনিক নকশায় হাত সাজিয়ে প্রতিযোগীরা তাদের নিজস্ব শিল্পবোধ, সৃজনশীলতা ও দক্ষতা ফুটিয়ে তোলেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও পদার্থবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক মহসিন ঢালী, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, শাহরাস্তি হাজী মনছুর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রতন বেপারী সেলিম এবং চাঁদপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু।
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকারের সভাপতিত্বে এবং স্বরলিপি নাট্যোষ্ঠীর সভাপতি এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এছাড়া পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন মেহেদি উৎসব উদ্যাপন পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল হক কমল।
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের দীর্ঘ তিন যুগের সাংস্কৃতিক পথচলাকে স্মরণীয় করে রাখতে এই আয়োজনের পাশাপাশি গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ তাদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।




