প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৭
রোজার বাজারে তেল মিশিয়ে পচা খেজুর বিক্রি!
ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

রমজান মাসে ইফতারে বহুল প্রচলিত মেন্যু হচ্ছে খেজুর। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও খেজুর দিয়ে ইফতার শুরু করার ফজিলত ও বরকত রয়েছে। এছাড়া খেজুরের পুষ্টিগুণও কম নয়। চাঁদপুরের কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগকেই কাজে লাগাচ্ছে। ভোক্তাদের হাতে কৌশলে তুলে দিচ্ছে নিম্নমানের নষ্ট ও মেয়াদোত্তীর্ণ খেজুর। রমজানকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ খেজুর নতুনভাবে মোড়কজাত করে বাজারে ছাড়া হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পচা খেজুরে সরিষার তেল মিশিয়ে চকচকে করে খোলা অবস্থায়ও বিক্রি করা হচ্ছে। এমন একটি অসাধু ব্যবসায়ী চক্রকে চিহ্নিত করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজারে অভিযান চালিয়ে এমন অনিয়মের সন্ধান পাওয়া যায়। এই অপরাধে মেসার্স কার্তিক সাহা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে জব্দকৃত নষ্ট-পচা খেজুর এবং অনুমোদনবিহীন বিদেশি ব্রান্ডের প্যাকেট প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার পুরাণবাজারের আড়ত পট্টি, আমপট্টি, মসজিদ পট্টি, বাতাসা পট্টি ও ডাল পট্টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুরোনো খেজুরে তেল মিশিয়ে বিক্রি এবং অনুমোদনবিহীন বিভিন্ন বিদেশি ব্রান্ডের মোড়কে প্যাকেটজাত করে খেজুর বিক্রির অপরাধে কার্তিক সাহা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেছে।








