শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৭

ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

কবির হোসেন মিজি।।
ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

ফরিদগঞ্জ উপজেলায় এক সৌদি প্রবাসীর বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের ভেতরে থাকা স্টীলের আলমারির তালা ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের মিজি বাড়ির সৌদি প্রবাসী সোহেল মিয়াজীর বাসভবনে।

ভুক্তভোগী প্রবাসী সোহেল মিয়াজীর স্ত্রী গৃহবধূ শাহিনা বেগম জানান, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) তিনি আনুমানিক বেলা ১২টার দিকে প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে খালার বাড়িতে বেড়াতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওইদিন দিবাগত রাতে চোর চক্র বিল্ডিংয়ের সিঁড়ির রুমের জানালার গ্লাস ভেঙ্গে এই ঘটনা ঘটায়।

তিনি জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা বাড়ির তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি আশেপাশের লোকজনকে জানান।

এ খবর পেয়ে শাহিনা বেগম বাড়িতে ফিরে এসে দেখেন, ঘরের সমস্ত কিছু এলোমেলো। স্টীলের আলমারির তালা ভাঙ্গা এবং একাধিক কক্ষের তালা ভেঙ্গে আলমারি তছনছ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, চোরচক্র আলমারি থেকে নগদ ৬০ হাজার টাকাসহ প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে, আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের গলার হার, ৩ ভরি ওজনের তিনটি স্বর্ণের চেইন, আড়াই ভরি ওজনের চার জোড়া কানের দুল, ১০টি বিদেশী দামি কম্বলসহ অন্যান্য মূল্যবান জিনিস।

এছাড়াও দুটি ব্লেন্ডার এবং প্রায় ১৫ হাজার টাকার কসমেটিকস সামগ্রীও নিয়ে যায় চোরচক্র।

ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। আশপাশের লোকজনের কাছ থেকেও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানান ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় শাহিনা বেগম ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে। এদিকে এলাকাবাসীর মধ্যে এ চুরির ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চোরচক্র শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়