প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিসর

ইউরোপে পৌঁছে ভাগ্য বদলের আশায় মৃত্যুঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার সময় গত এক সপ্তাহে মিসরের বিভিন্ন উপকূল থেকে অন্তত ১৬০ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মিসরে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়াদের মধ্যে মাত্রুহ উপকূল থেকে ৪৬ জন, পোর্ট সাইদ থেকে ৫৮ জন এবং দামিয়েত থেকে ৫৬ জন রয়েছেন। এসব অভিযানে বাংলাদেশিদের পাশাপাশি সুদান ও মিসরসহ বিভিন্ন দেশের ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদেরও উদ্ধার করা হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া সবাই স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।
উত্তাল ভূমধ্যসাগর ও অনিরাপদ রাবারের নৌযানে এই চরম ঝুঁকিপূর্ণ যাত্রা থামিয়ে এখন তাদের সামনে কেবল দেশে ফেরার অপেক্ষা।
দূতাবাসের প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি
পরপর কয়েকটি ঘটনায় বিপুলসংখ্যক বাংলাদেশি উদ্ধার হওয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের ওপর কাজের চাপ ব্যাপকভাবে বেড়েছে। দূতাবাস সূত্র জানায়, নিয়মিত কাজের পাশাপাশি উদ্ধার হওয়া নাগরিকদের সহায়তায় অতিরিক্ত ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তারা।
কোনো বাংলাদেশি উদ্ধারের খবর পাওয়ার পর প্রথমেই তার পরিচয় ও নাগরিকত্ব যাচাই করতে হয়। এরপর আইনি সহায়তা, কনস্যুলার সেবা প্রদান এবং নিরাপদে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এ উদ্দেশ্যে মিসরের পুলিশ, কারাকর্তৃপক্ষ, ইমিগ্রেশন, আদালত ও হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা হচ্ছে।
ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে যাওয়ার এই প্রবণতায় বারবার বাংলাদেশি নাগরিকেরা আটকা পড়ার ঘটনায় আবারও সচেতনতা ও নিরাপদ অভিবাসনের প্রয়োজনীয়তা সামনে এসেছে। পরিবারের স্বপ্ন পূরণের আশায় ঘর ছাড়া এই মানুষগুলোকে শেষ পর্যন্ত মৃত্যুর দুয়ার থেকে ফিরতে হচ্ছে ভয়াবহ এক স্মৃতি বুক নিয়ে।






