প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৭
রামগতিতে ৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র শাহিন
লক্ষ্মীপুরের রামগতি থেকে নিখোঁজের ৮ দিন পার হলেও সন্ধান মেলেনি ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্র আরাফাত হোসেন শাহিনের। নানা জায়গায় খোঁজ নিয়েও তার কোনো হদিস না পেয়ে চরম উদ্বিগ্ন ও দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) রামগতির চর পোড়াগাছা এলাকা থেকে কমলনগরের তোরাবগঞ্জ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার উদ্দেশে রওনা হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে শাহিন। সে উক্ত মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু গ্রামের আবুল বাশারের ছেলে।
নিখোঁজ হওয়ার পরদিন, ২০ সেপ্টেম্বর শিশুটির মা শাহিনুর বেগম রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
শাহিনের বাবা আবুল বাশার বলেন, "আমরা আত্মীয়-স্বজনের বাড়িসহ মাদ্রাসার শিক্ষক ও জেলার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি।"
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের সময় শাহিনের পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি ও মাথায় টুপি। তার গায়ের রঙ শ্যামলা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, শিশুটির মা তাকে পুরো পথ এগিয়ে দেননি; ধারণা করা হচ্ছে অর্ধেক পথ থেকেই সে নিখোঁজ হয়েছে। মাদ্রাসায় পড়ালেখার ভীতি থেকেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। অভিভাবকের দায়ের করা জিডির ভিত্তিতে শিশুটিকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।








