প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 'প্লেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬'

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি)-এর উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ‘প্লেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬’ উদযাপিত হয়েছে।
|আরো খবর
গত এক বছরে দেশি ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরিপ্রাপ্ত সফল গ্র্যাজুয়েটদের পেশাগত সাফল্য উদযাপন, বিশ্ববিদ্যালয় ও অ্যালামনাইদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানে বিশেষ অবদানের জন্য শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে ‘সেরা নিয়োগকর্তা’ সম্মাননা প্রদান করতেই এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুবুল করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান এবং রেজিস্ট্রার ড. নাদির বিন আলী।
এ সময় ড্যাফোডিল ফ্যামিলি ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃতী গ্র্যাজুয়েটদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রদান করেন।
আমন্ত্রিত গ্র্যাজুয়েটদের অভ্যর্থনা ও নিবন্ধনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী পর্বে উপাচার্যের স্বাগত বক্তব্যের পর সফল গ্র্যাজুয়েটরা তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন। এরপর চাকরিপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ডিআইইউ কালচারাল ক্লাবের পরিবেশনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা সম্মেলন কেন্দ্র’ থেকে র্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ ও শহীদ মিনার ঘুরে ‘নলেজ টাওয়ার’-এ গিয়ে শেষ হয়। এ সময় ডিআইইউ রোভার স্কাউট ও বিএনসিসি সদ্য চাকরিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘গার্ড অব অনার’ প্রদান করে।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলো পরিবেশ সচেতনতা ও টেকসই অগ্রগতির বার্তা। সফল গ্র্যাজুয়েটদের সম্মাননা জানাতে প্রথাগত ফুলের তোড়ার পরিবর্তে ঐতিহ্যবাহী 'স্যাশ'-এর পাশাপাশি বিভিন্ন শোভাবর্ধক ইনডোর প্ল্যান্ট উপহার দেওয়া হয়। প্রতিটি গাছে লেখা ছিলো "আপনার সমৃদ্ধি ও সাফল্য কামনায়" । উদ্যোগটি টেকসই উন্নয়ন এবং শিক্ষার্থীদের ধারাবাহিক পেশাগত সাফল্যের প্রতীক হিসেবে প্রশংসিত হয়।
দিনব্যাপী এ উৎসব ক্যাম্পাসে আয়োজিত এক মনোরম সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।








