প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের নবীনবরণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) 'ফল-২০২৬' সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে নবীনদের ফুল ও স্মারক উপহার দিয়ে স্বাগত জানান বিএনসিসি, এয়ার রোভার স্কাউট ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা। পাশাপাশি ডিআইইউর বিভিন্ন ক্লাব এবং আন্তর্জাতিক বিষয়ক দপ্তর, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, এইচআরডিআই, অ্যাডমিশন.এসি, স্কিল.জবস, গোএডু ও ডিআইএলসির বুথের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
|আরো খবর
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে। এরপর পরিবেশন করা হয় জাতীয় সংগীত ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থিম সং। এ সময় ডিআইইউ ডকুমেন্টারি প্রদর্শনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের শুভেচ্ছা বার্তা নবীনদের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআইইউর অফিস অব দ্য স্টুডেন্টস’ অ্যাফেয়ার্সের উপদেষ্টা অধ্যাপক ড. এ বি এম কামাল পাশা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভিডিও বার্তার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন এবং নিজের অভিজ্ঞতার আলোকে তাঁদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। পরে বিশেষ অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সফল অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। এতে এসএসএল কমার্সের কি অ্যাকাউন্ট ম্যানেজার ও সিএসই বিভাগের অ্যালামনাই প্রিয়া রানী দে; এসিআই মোটরস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জেএমসি বিভাগের অ্যালামনাই মো. ফরহাদ হোসাইন; মিয়াকি মিডিয়া লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যালামনাই মো. সাজ্জাদুর রহমান শাওন এবং সানপাওয়ার টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সিইও এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই প্রকৌশলী মো. রেজাউল করিম অংশ নেন। তাঁরা নবীনদের সঙ্গে তাঁদের শিক্ষাজীবন, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়া ‘মিট দ্য অ্যাচিভার্স’ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অফিস অব দ্য স্টুডেন্টস’ অ্যাফেয়ার্সের অ্যাডভাইজার প্রফেসর ড. এ বি এম কামাল পাশা।
আনুষ্ঠানিক পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের জন্য ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের সামনে ফটোশুটের আয়োজন করা হয়। বিকেলে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অফিস অব দ্য স্টুডেন্টস’ অ্যাফেয়ার্স আয়োজিত দিনব্যাপী এ অরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা পরিবেশ, বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই আয়োজন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং তাঁদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ারের লক্ষ্যে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।--প্রেস বিজ্ঞপ্তি।








