প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২২:২৫
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ইসলামাবাদ ইউনিয়নে বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেলে সুজাতপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
বক্তব্যে আলমগীর সরকার বলেন, “আজ আমরা এখানে দাঁড়িয়েছি অন্যায়, সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম এবং তাদের বিরুদ্ধে ওঠা নৈরাজ্য ও সহিংসতার অভিযোগের বিষয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির রাজনীতি চলতে পারে না।”
তিনি আরও বলেন, “প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি, মতলব উত্তরসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। যারা মানুষের জানমালের ক্ষতি করবে এবং শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, দলীয় পরিচয় বিবেচনা না করে তাদের আইনের আওতায় আনতে হবে।”
ইসলামাবাদ ইউনিয়ন সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক আরিফ হোসেন জয়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাশার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলম ভান্ডারী, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সজিব পাটোয়ারী, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুবদল নেতা রমিজ উদ্দিন, বিএনপি নেতা খোরশেদ জমাদার, ইউনিয়ন শ্রমিক দল নেতা খোরশেদ আলম এবং ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মাইন উদ্দিন প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।







