বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২২:৩৭

মতলব উত্তরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা

ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া বেশি জরুরি

মাহবুব আলম লাভলু।।
ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া বেশি জরুরি

"শুধু মেধাবী শিক্ষার্থী হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা পাইলট হওয়াই জীবনের সার্থকতা নয়; বরং এসব পেশায় প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি একজন মানবিক ও নৈতিকতাসম্পন্ন মানুষ হওয়া অনেক বেশি জরুরি। কারণ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা পাইলটের অভাবে সমাজ ও রাষ্ট্র পিছিয়ে পড়েনি, পিছিয়ে পড়েছে ভালো মানুষ ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষের অভাবে। তাই শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।"

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) মতলব উত্তর উপজেলার প্রাচীনতম ও শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ১০০ নম্বর চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাংবাদিক শামসুজ্জামান ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জামাল হোসেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ হান্নান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাসির উদ্দিন মাস্টার, চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহমত পাটোয়ারী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধান, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য তাফাজ্জল হোসেন সরকার, পরিচালনা কমিটির সদস্য আহমেদ হোসেন মিন্টু ও নূরে আলম অপু, চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সাংবাদিক মিলন মাহমুদ প্রমুখ।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। তবে শুধু ভালো ফলাফল কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হওয়াই যথেষ্ট নয়। মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, সততা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা নসরুল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়