প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০০:৪৯
চাঁদপুর প্রেস ক্লাবে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আজ

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য আজ ৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) দিনব্যাপী দ্বিতীয়বারের মতো বিনামূল্যে বিশাল পরিসরে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৯টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে (তৃতীয় তলা) এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে। এতে জেলার তিনটি খ্যাতনামা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. মোবারক হোসেন চৌধুরী এবং চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও মেডিকেল টিম : ক্যাম্পে তিনটি হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল টিম বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবা প্রদান করবেন। টিমগুলো হলো : ১. চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকদের মধ্যে সেবা দেবেন— ডা. সৈয়দ আহমদ কাজল (মেডিসিন ও কার্ডিওলজি), ডা. নূরে আলম মজুমদার (সার্জারি), ডা. আবদুল্লাহ আল মামুন (চর্মরোগ), ডা. মো. বরকত উল্লাহ (মেডিসিন) এবং ডা. নাজমুন নাহার (গাইনি)। এ ছাড়া প্যাথলজিস্ট মো. সিরাজ, দুজন নার্স ও তিনজন সহকারী দায়িত্ব পালন করবেন। এই টিমের মাধ্যমে সাধারণ স্বাস্থ্যসেবা, রক্তচাপ পরিমাপ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হবে। ২. চাঁদপুর ডায়াবেটিক
হাসপাতালের মেডিকেল টিমে থাকবেন— ডা. আব্দুল কাদের জেলানী মুন্সী (মেডিকেল অফিসার), নাসিমা আক্তার (জনসংযোগ কর্মকর্তা), রাসিদা আক্তার (সিনিয়র স্টাফ নার্স), জসিম উদ্দিন (প্রধান সহকারী) এবং রাসেল ইসলাম (এমএলএসএস)। এই টিমের মাধ্যমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। ৩. চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল টিমে থাকবেন— ডা. মো. হাবিবুর রহমান (চক্ষু বিশেষজ্ঞ), মো. নাসির আহম্মেদ (রিফ্রেকশন ইউনিট ইনচার্জ), মো. আবু জাফর (সিনিয়র পাবলিক রিলেশন অফিসার) এবং মো. আলআমিন (প্রোগ্রাম অফিসার)। এই টিমের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
যারা স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন :
চাঁদপুর প্রেস ক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য, তাঁদের পরিবারের সদস্য, মাঠপর্যায়ের পেশাগত সাংবাদিক এবং জেলার ৭টি উপজেলার প্রেস ক্লাবের সাংবাদিকরা এ ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
বিনামূল্যে আয়োজিত এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
প্রয়োজনে যোগাযোগ :
মোবাইল ও হোয়াটসঅ্যাপ : ০১৭১১০১৩৪৪৪।








