বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২১:১০

মোবাইল কোম্পানির টাওয়ার নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ ব্যুরো।।
মোবাইল কোম্পানির টাওয়ার নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন

ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্ক টাওয়ার বসালে জনস্বাস্থ্যের ক্ষতি হবে-- এই দাবি জানিয়ে অনতিবিলম্বে টাওয়ারের নির্মাণ কাজ বন্ধ রাখার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে স্থানীয় লোকজনের পক্ষে এর নির্মাণ কাজ স্থগিত ও তদন্ত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষরযুক্ত লিখিত আবেদন করে জনৈক মহিউদ্দিন। যদিও টাওয়ারের নির্মাণস্থলের জমির মালিক বলেছেন ভিন্ন কথা । তিনি বলেন, টাওয়ার নির্মাণ বিষয় মুখ্য নয়, ঘটনা অন্য কিছু।

মানববন্ধনে অংশগ্রহণকারী লোকজন জানান, উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে বেগের বাড়ির ঘনবসতিপূর্ণ এলাকায় জনৈক ইসমাইল বেগের জমির উপর মোবাইল ফোন কোম্পানী রবি নেটওয়ার্ক টাওয়ার নির্মাণ শুরু করে। এ বিষয়ে থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বেশ কয়েকবার বসলেও মোবাইল ফোন কোম্পানী নেটওয়ার্ক টাওয়ারের রেডিয়েশনের মাধ্যমে স্থানীয় লোকজনের স্বাস্থ্যগত ও পরিবেশগত বিভিন্ন সমস্যার কথা চিন্তা না করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। তাই আমরাও মানববন্ধন কর্মসূচি করতে বাধ্য হয়েছি। অবিলম্বে নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের বিভিন্ন নিয়মনীতি ও নিরাপত্তা মানদণ্ড না মেনে টাওয়ার স্থাপন করা হচ্ছে কিনা তা যাচাই করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, মহিউদ্দিন, নূর নবী বেপারী, রাফিয়া বেগম, সানজিদা আক্তার, রাবেয়া বেগম, আছিয়া আক্তার প্রমুখ।

এদিকে টাওয়ার নির্মাণ বিষয়ে জমির মালিক ইসমাইল বেগ বলেন, মোবাইল ফোন কোম্পানী মূল এলাকার পরিবেশ ও স্বাস্থ্যগত বিষয়টি নিশ্চিত করেই নেটওয়ার্ক টাওয়ার নির্মাণ করছে। কোম্পানী ইতোমধ্যেই আমাকে এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিষয়টি নিশ্চিত করেছে। যারা বাধা দিচ্ছে তাদের কাছে মূলত টাওয়ার নির্মাণ বিষয়টি মুখ্য নয়, তাদের দাবি অন্য কিছু। প্রথমে জমি দাবি করেছে, পরে মাপজোখে টিকতে না পেরে তারা অন্য কিছু চাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়