শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫

হাজীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১
ক্যাপশন: শুক্রবার রাতে হাজীগঞ্জের বাকিলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ইয়াছিন হোসেন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন হোসেন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় ছায়েম নামে অপর এক কিশোর গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে হাজীগঞ্জের বাকিলা এলাকার বলাই বাবুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন কালচোঁ দক্ষিণ ইউনিয়নের আলমগীর বেপারীর ছেলে। বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে সে মা ছাবিনা ইয়াসমিনের সঙ্গে নানাবাড়ি রাধাসার গ্রামে বসবাস করে আসছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন বাকিলা এলাকার ‘ত্রিমোহনা থিম পার্ক’-এ কর্মরত ছিলো। পার্কের স্বত্বাধিকারী আল আমিন জানান, রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয় ইয়াছিন। তিনি আরও জানান, “ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় ইয়াছিন তার মায়ের সঙ্গে নানাবাড়িতেই থাকতো। বিগত প্রায় সাত বছর ধরে সে আমার পার্কে কাজ করছিলো। তার উপার্জনেই চলতো মায়ের সংসার।”

দুর্ঘটনায় আহত কিশোর ছায়েম পার্ক সংলগ্ন এলাকার আক্তার হোসেনের ছেলে। তার বাম হাত গুরুতর ক্ষতিগ্রস্ত (ভেঙে চূর্ণবিচূর্ণ) হওয়ায় রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়