প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২১:৫৬
ছাত্র-জনতার বিপ্লবের প্রতিফলন এখনো পায়নি দেশের মানুষ
—রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী

'ছাত্র-জনতা যে উদ্দেশ্যে বিপ্লব করেছে, তার প্রতিফলন দেশের মানুষ এখনো পায়নি। সরকার নানা ধরনের টালবাহানা শুরু করেছে। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হচ্ছে। ১০ হাজার টাকা ভাতা দেওয়ার পরিবর্তে সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করুক। আমি এখন পর্যন্ত কোনো জুলাই ভাতা পাইনি, এমনকি এ-সংক্রান্ত কার্ডও করিনি। সরকারি কোনো ভাতার প্রয়োজন আমার নেই। আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন। তবে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো আমাদের যথাযথ সম্মান দেবে—এটাই প্রত্যাশা।’
|আরো খবর
লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জুলাই আন্দোলনের যোদ্ধা সানজিদা চৌধুরী।
শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার একটি চাইনিজ রেস্টুরেন্টে বীর মুক্তিযোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সম্মানে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম মুকুল, রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান বান্না, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমেদ পাটোয়ারী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান এবং জুলাই শহীদ আনোয়ারের পিতা আল আমিন পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।








