শুক্রবার, ১৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ২২:৩৫

প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই

মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি

----ড. জালাল উদ্দিন এমপি

মাহবুব আলম লাভলু
মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মাদ জালাল উদ্দিন বলেছেন, আমার নির্বাচনী এলাকা তথা মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। বিশেষ করে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এ বেড়িবাঁধ শুধু একটি অবকাঠামো নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও বসতভিটার নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সর্বপ্রথম এ বাঁধকে টেকসই ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় সহায়তা কামনা করবো। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি পূরণ করবেন।

শুক্রবার (১৫ মে ২০২৬) মতলব উত্তর উপজেলার জনতাবাজার সংলগ্ন ধনাগোদা নদীতে চলমান ব্লক প্লেসিং ও ডাম্পিং কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মতলবের সার্বিক উন্নয়নের জন্যে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। ঢাকার সঙ্গে মতলবের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, আধুনিক ও কার্যকর করতে সরকারের সহযোগিতা প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হবে।

পরিদর্শনকালে তিনি নদীভাঙ্গন রোধে চলমান কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ড. জালাল বলেন, সরকার জনগণের জানমাল রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নদীভাঙ্গন কবলিত এলাকার মানুষকে স্থায়ী সুরক্ষা দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, জেলা বিএনপি নেতা বশির সরকার, বিএনপি নেতা গণি তপাদার, আমিনুল আহসান ফেরদাউস, খায়রুল হাসান বেনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়