প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮
সংবাদপত্র বিলিকারক প্রাণকৃষ্ণের পরলোকগমন

চাঁদপুরের সংবাদপত্র বিলিকারক প্রাণকৃষ্ণ (৭৩) পরলোকগমন করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ১১টায় তিনি হাজীগঞ্জের রয়েল হাসপাতালে স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
|আরো খবর
পরিবার সূত্র জানায়, কিছুদিন পূর্বে তিনি চাঁদপুর শহরের নাজির পাড়াস্থ ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়লে তার সন্তানেরা তাকে চিকিৎসার জন্যে কুমিল্লা নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলে আবারো অসুস্থ হয়ে পড়েন প্রাণকৃষ্ণ। এ সময় তাকে হাজীগঞ্জের রয়েল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চাঁদপুরের পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির পরিচালক জসীম মেহেদী জানান, প্রায় দু যুগেরও বেশি সময় ধরে প্রাণকৃষ্ণ সংবাদপত্র বিলি কাজে নিয়োজিত ছিলেন। বাবুরহাট থেকে মুন্সিরহাট পর্যন্ত তিনি সংবাদপত্র বিলি করতেন। তার মৃত্যুতে এজেন্ট এবং সংবাদপত্র হকার সমিতি গভীর শোকাহত। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
উল্লেখ্য, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রাণকৃষ্ণ বহু বছর ধরে বাবুরহাট থেকে মুন্সিরহাট পর্যন্ত সংবাদপত্র বিলি করার কারণে সেখানকার স্থানীয়দের কাছে তিনি ছিলেন পরিচিত মুখ। তার মৃত্যুর খবরে সেখানকার পত্রিকা-পাঠকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।








