প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২১:৪২
মৌলভীবাজারে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট
সিলেটকে ৬ উইকেটে হারালো চাঁদপুর জেলা দল

ইয়ং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট জেলা দলকে ৬ উইকেটে হারিয়েছে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) মৌলভীবাজারের সাইফুর রহমান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেট জেলা দল। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে তারা। চাঁদপুরের পক্ষে বল হাতে জুনায়েদ ৩টি উইকেট নেন।
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চাঁদপুর। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ফারহান মাহাতাব। এ ছাড়া তাহমিদ ৪১ ও শাফি ৩৭ রান করেন। অলরাউন্ড পারফরম্যান্স ও ম্যাচজয়ী ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চাঁদপুরের ফারহান মাহাতাব।
চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ স্কোয়াডে রয়েছেন ফারহান মাহাতাব, সাব্বির হোসেন, সিয়াম খান, সানজিদ ইসলাম, তাহমিদ হাসান, আবরার রশিদ শাফি, আতিকুর রহমান, মিয়াদ খান, ফারদিন হোসাইন, নীরব মাহমুদ, জুনায়েদ, আল-ফাহিম, আরিয়ান খান, তাওহীদ ও জহির। দলের কোচ হিসেবে আছেন পলাশ কুমার সোম এবং ম্যানেজারের দায়িত্বে রয়েছেন শাওন।








