প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৫৬
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মতলব দক্ষিণের জয়
শনিবার লড়বে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা

উৎসবমুখর পরিবেশ ও হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে চাঁদপুর স্টেডিয়ামে পর্দা উঠলো ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর।
|আরো খবর
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শাহরাস্তি উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে মতলব দক্ষিণ উপজেলা দল। শনিবার একই ভেন্যুতে টুর্নামেন্টের পরবর্তী খেলায় মুখোমুখি হবে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা ফুটবল দল।
উদ্বোধনী খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলা দল। খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় সবুজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শাহরাস্তি। তবে প্রথমার্ধের শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মতলব দক্ষিণ। খেলার ৪২ ও ৪৬ মিনিটে পরপর দুটি গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন মতলবের দুর্দান্ত স্ট্রাইকার সাগর। প্রথমার্ধের খেলা এই ব্যবধানেই শেষ হয়।
বিরতির পর দ্বিতীয়ার্ধে উভয় দলই গোল শোধ ও ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। তবে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-১ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে মতলব দক্ষিণ উপজেলা দল।








