প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৯:২৬
বাবুরহাটে ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
“শিল্প, সংস্কৃতি ও খেলাধুলায় বাবুরহাট সবসময়ই অগ্রগামী”
— আলহাজ্ব মোশারফ হাওলাদার

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাবুরহাট স্কুল ও কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। বাবুরহাট একুশে সংসদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৬) বিকেলে।
|আরো খবর
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হাওলাদার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বাবুরহাট অঞ্চল শিল্প, সংস্কৃতি ও খেলাধুলায় এগিয়ে। এই অঞ্চলের সাথে আমার পারিবারিক সম্পর্ক থাকায় এখানকার মানুষের প্রতি আলাদা টান অনুভব করি।”
তিনি আরও বলেন, খেলাধুলা একটি সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ শরীর ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখায় খেলাধুলার প্রসার অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে সুযোগ পেলে এলাকার ক্রীড়া ও সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি।
উদ্বোধনী খেলায় একুশে ক্লাব ও শিমুল ছায়া ক্লাব অংশগ্রহণ করে। খেলাটি উপভোগ করতে বাবুরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।
দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টে জেলার মোট ২০টি দল অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে আকর্ষণীয় পুরস্কার হিসেবে ফ্রিজ প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সোহাগ খান, সাংগঠনিক সম্পাদক হান্নান বেপারী, বিএনপি নেতা ঝিন্টু মাল, হাসান মাল, মোস্তফা পাটোয়ারী, চন্দন কুমার দে প্রমুখ।
খেলা শেষে বিশেষ এক পর্বে বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জাতীয় মহিলা ফুটবল দলে অন্তর্ভুক্তি হওয়ায় ইভা আক্তারকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে বিশেষ আনন্দের সৃষ্টি করে।
এদিকে, টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে তরুণ খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, যা বাবুরহাটের ক্রীড়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিসিকে /এমজেডএইচ








