রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৩

চাঁদপুর-২ আসনে সন্ত্রাসের ঠাঁই হবে না

--------নবনির্বাচিত সংসদ সদস্য ড. জালাল উদ্দিন

মাহবুব আলম লাভলু
চাঁদপুর-২ আসনে সন্ত্রাসের ঠাঁই হবে না

চাঁদপুর-২ (মতলব উত্তর - মতলব দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, চাঁদপুর-২ আসনে যারা সন্ত্রাস সৃষ্টি করবে তাদের রেহাই দেয়া হবে না। সন্ত্রাসীদের স্থান হবে সরাসরি কারাগারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের কোনো সুযোগ কাউকে দেয়া হবে না বলেও তিনি স্পষ্ট করে জানান।

রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় মুঠোফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. জালাল উদ্দিন বলেন, চাঁদপুর-২ আসনের মানুষ শান্তিপ্রিয়। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের জনগণ একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে বসবাস করতে চায়। আমার কাছে অগ্রাধিকার পাবে এলাকায় শান্তি বজায় রাখা, সন্ত্রাস দমন এবং আইনের শাসন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, কেউ যদি রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধে জড়িত হওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনগণের জানমাল রক্ষায় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ যে আস্থা ও দায়িত্ব আমাকে দিয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। আমি চাঁদপুর-২ আসনকে একটি সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে উন্নয়ন হবে, কর্মসংস্থান বাড়বে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের জীবনযাপন করবে।

তিনি নির্বাচনের সময় ও পরে যারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

ড. জালাল উদ্দিন বলেন, রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্যে। হুমকি, ভয়ভীতি কিংবা সন্ত্রাসের রাজনীতি এ এলাকায় আর চলবে না। জনগণই হবে সকল শক্তির উৎস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়