প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০১
কচুয়ায় ধানের শীষের পক্ষে ঢাবি ছাত্রদল নেতা কাউছার আলমের গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষে কচুয়ায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনা করেন চাঁদপুর-১ আসনের নির্বাচনী প্রচার-প্রচারণায় বাংলাদেশ ছাত্রদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি কাউছার আলম রাসেল।
ছাত্রদল নেতা কাউছার আলমের নেতৃত্বে একদল কর্মী ও সমর্থক কচুয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যান। দিনব্যাপী তিনি উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া ও কালোচোঁ এলাকা এবং কাদলা ইউনিয়নের দরবেশগঞ্জ, কাদলা, রঘুনাথপুর, বড়ইগাঁও, মুরাদপুর এবং গুলবাহার এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ড. মিলনের বিগত সময়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, "এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে ড. আ ন ম এহছানুল হক মিলনের বিকল্প নেই। ধানের শীষের বিজয় মানেই সাধারণ মানুষের বিজয়।"
সরেজমিনে দেখা যায়, গণসংযোগকালে স্থানীয় সাধারণ ভোটাররা ছাত্রদল নেতাদের সাদরে গ্রহণ করেছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ড. মিলনের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
কাদলা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার এক প্রবীণ ভোটার জানান, এলাকার শিক্ষার প্রসার ও অবকাঠামোগত উন্নয়নে ড. মিলনের অবদান অবিস্মরণীয়, তাই তারা পরিবর্তনের আশায় ঐক্যবদ্ধ।
নির্বাচনী এই প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।








