প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৬:০৪
চাঁদপুর প্রেস ক্লাবে ড্যাফোডিল ইউনিভার্সিটির উদ্যোগে সাংবাদিকদের এআই বিষয়ক প্রশিক্ষণ ৬ ও ৭ নভেম্বর

চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার নিয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ৬ ও ৭ নভেম্বর ২০২৬ (শুক্র ও শনিবার) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ’-এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালাটির বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। এতে চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত সাংবাদিকরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি অভিজ্ঞ প্রশিক্ষক দল।
আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর সংবাদ সংগ্রহ এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও সঠিক প্রয়োগ সম্পর্কে ধারণা দিতে এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সঙ্গে ০১৭১১০১৩৪৪৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
**ড্যাফোডিল চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা:**
এদিকে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের অনুমোদন দেওয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।






