বুধবার, ২৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০১:০৮

ভারতের কাঁচা খেজুর হাজীগঞ্জে এসে হয়ে যায় মিশরের!

কামরুজ্জামান টুটুল
ভারতের কাঁচা খেজুর হাজীগঞ্জে এসে হয়ে যায় মিশরের!
ক্যাপশন: ভারতের রাজস্থানের কাঁচা খেজুরকে মধ্যপ্রাচ্যের খেজুর বলে হাজীগঞ্জে বিক্রি হচ্ছে। ছবিটি গত বৃহস্পতিবারের তোলা। ছবি : চাঁদপুর কণ্ঠ।

গত ক'দিন হাজীগঞ্জ বাজারে সড়কের দুপাশে ফুটপাতে ভ্যান ভর্তি করে কিংবা ফলের দোকানে হলুদ রংয়ের কাঁচা খেজুর বিক্রি হতে দেখা যাচ্ছে। বিক্রয়ের সময় বিক্রেতা এটিকে মিশর, দুবাই, সৌদি আরবের কাঁচা খেজুর বলে বিক্রি করলেও এটি আমদানি হচ্ছে ভারত থেকে। যা ক্রেতার সাথে পুরোপুরি প্রতারণা ছাড়া কিছুই না। হালকা কষ আর মিষ্টি এই খেজুরটির কেজি ৩শ' টাকার কম-বেশি দরে বিক্রি হচ্ছে। এ খেজুরের ক্রেতা-চাহিদা নেহায়েত কম নয়। এবারেই নতুন নয়, গত ক'বছর হাজীগঞ্জে এ কাঁচা খেজুর বিক্রি হতে দেখা গেছে।

হাজীগঞ্জ বাজারের আড়ত ঘুরে ও খোঁজ নিয়ে জানা যায়, এটি মূলত ভারত থেকে আমদানি করা হয়। ভারতের রাজস্থানে এর প্রচুর ফলন ফলে। তবে হাজীগঞ্জে এ খেজুর আসে ঢাকা থেকে। অন্যবারের আমদানির চেয়ে এবারে এ খেজুরের আমদানি কিছুটা বেশি। অন্যবার দাম বেশি হলেও এবারে দাম মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে।

গত বৃহস্পতিবার পৌর হকার্স মার্কেটের পূর্ব পাশে সড়কের দক্ষিণে এক কিশোর এক ভ্যানগাড়ি ভর্তি করে ৩শ' টাকা কেজি দরে এ খেজুর বিক্রি করছিলো। নাম প্রকাশ না করে এ বিক্রেতা জানান, এদিন তিনি আড়ত থেকে এক মণ নিয়েছেন, দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করছেন। যারা একবার কিনে তারা আবারো কিনে।

শাহরাস্তির ওয়ারুক এলাকার শহীদ উদ্দিন (৪২) জানান, দোকানির কাছে এ ফলের নাম জানতে গিয়ে একটি মুখে দিলাম, মনে হচ্ছে হালকা কষ তবে বেশ মিষ্টি। তাই এক কেজি কিনলাম। আমাকে বলেছে মিশরের কাঁচা খেজুর এটি। আগে কখনও এমন কাঁচা খেজুর দেখেননি আর খাওয়াও হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে ট্রাকে ট্রাকে করে ভারত থেকে এ খেজুরটি আমদানি হয় । মূলত এটি ভারতের রাজস্থানের খেজুর। ক্রেতা পর্যায়ে এসে ক্রেতা আকৃষ্টের জন্য এটিকে বিক্রেতারা কেউ মিশরের, কেউ সৌদি আরবের, আবার কেউ দুবাইয়ের বলে বিক্রি করছেন। আবার কেউ কেউ 'মিশরি হলুদ খেজুর' নামেও চালিয়ে দিচ্ছেন।

বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, কাঁচা এ খেজুরে প্রাকৃতিক শর্করা, খাদ্য আঁশ, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও বিভিন্ন অ্যান্টি–অক্সিডেন্ট থাকে। কাঁচা অবস্থায় খাওয়া খেজুরেও এসব পুষ্টি উপাদান পাওয়া যায়। তবে ফলটি মিষ্টি হওয়ায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পরিমাণ বিবেচনা করে খেতে হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়