বুধবার, ০১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০:১৬

বাংলা ১ম পত্রে 'সময় পরিকল্পনা' করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ

আইকে হেলাল
বাংলা ১ম পত্রে 'সময় পরিকল্পনা' করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ

আগামীকাল ২ জুলাই ২০২৬ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। প্রথমদিন বাংলা প্রথম পত্রে ১০০ নম্বরের পরীক্ষা হবে। প্রথমে হবে ৩০ নম্বরের বহুনির্বাচনি অংশের পরীক্ষা, পরে হবে সৃজনশীল অংশের পরীক্ষা। সৃজনশীল অংশে সাতটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নে ১০ করে মোট ৭০ নম্বর; সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট তথা ১৫০ মিনিট। এই সীমিত সময়ের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর লেখা শেষ করা বেশ কঠিন। একমাত্র 'সুনির্দিষ্ট ও পরিমিত' উত্তর লিখলেই নির্দিষ্ট সময়ে পরীক্ষা শেষ করা সম্ভব হবে এবং বাংলায় কাঙ্ক্ষিত নম্বর পাওয়া যাবে। বাংলায় এ+ পাওয়ার ওপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনেকাংশে নির্ভর করে। তাই পরীক্ষার্থী হিসেবে বাংলায় এ+ পাওয়ার এই কঠিন কাজটিই তোমাকে সহজভাবে সমাধান করতে হবে। আর তার জন্য প্রয়োজন পরীক্ষায় 'সময়ের সঠিক পরিকল্পনা'।

# প্রশ্ন নির্বাচন :

বাংলা প্রথমপত্রে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে 'সঠিক প্রশ্ন নির্বাচন' করা। সৃজনশীলে প্রশ্ন থাকবে ১১টি, উত্তর লিখতে হবে ৭টির। সৃজনশীল অংশের ১১টি প্রশ্নই তোমাকে দ্রুত চোখ বুলিয়ে নিতে হবে। যে প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো পারো, সেগুলোই আগে উত্তর করবে। যেগুলো উত্তর করবে, প্রশ্নপত্রে সেগুলো পেন্সিল দিয়ে চিহ্নিত করে রেখো, যেন লেখার সময় সহজেই চোখে পড়ে।

মনোযোগ দিয়ে উদ্দীপক পড়ো

প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই তোমাকে উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড়তে হবে, ভাবতে হবে এবং পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট গদ্য বা পদ্যের সঙ্গে মেলাতে হবে। মনে রেখো, প্রতিটি উদ্দীপক পড়ে বুঝে লেখার চিন্তা করার জন্য সময় পাবে মাত্র ১ মিনিট করে (৭টি প্রশ্নে মোট ৭ মিনিট)।

প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় বরাদ্দ: ১৯ মিনিট

প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক ও যথাযথভাবে মোট চারটি অংশে লিখতে হবে:

১. 'ক' অংশ (জ্ঞানমূলক): নম্বর থাকবে ১। এর উত্তর এক প্যারায়, সর্বোচ্চ এক বা দুই লাইনে লিখবে। এর জন্য সময় ১ মিনিট।

২. 'খ' অংশ (অনুধাবনমূলক): নম্বর থাকবে ২। এর উত্তর অবশ্যই দুই প্যারায় লিখবে। প্রথম প্যারা হবে জ্ঞানমূলক এবং দ্বিতীয় প্যারা হবে তার ব্যাখ্যা। দুটি প্যারার মধ্যে স্পষ্ট ফাঁক (Gap) না থাকলে পরীক্ষক ১ নম্বর দিতে পারেন। উত্তর অর্ধেক পৃষ্ঠার মধ্যে শেষ করতে পারলে ভালো, তবে কোনোভাবেই যেন এক পৃষ্ঠার বেশি না হয়। এর জন্য সময় ৪ মিনিট।

৩. 'গ' অংশ (প্রয়োগমূলক): নম্বর থাকবে ৩। এ অংশের উত্তর তিনটি প্যারায় লিখবে। উত্তর দেড় পৃষ্ঠার মধ্যে রাখা ভালো, তবে দুই পৃষ্ঠার বেশি হলে নির্দিষ্ট সময়ে সব প্রশ্নের উত্তর দেয়া কঠিন হবে। এর জন্য সময় ৬ মিনিট।

৪. 'ঘ' অংশ (উচ্চতর দক্ষতাবিষয়ক): নম্বর থাকবে ৪। এর উত্তর লিখবে চার প্যারায়, যা দুই থেকে আড়াই পৃষ্ঠার মধ্যে হওয়া উচিত। এতে প্রশ্নের উচ্চতর দক্ষতা, বিশ্লেষণ, সংশ্লেষণ ও মূল্যায়ন (তোমার নিজস্ব মতামত) সবই ফুটিয়ে তুলতে হবে। এর জন্য সময় পাবে ৮ মিনিট।

অর্থাৎ, একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্নের চারটি অংশ লিখতে মোট সময় পাবে: (১ + ৪ + ৬ + ৮) = ১৯ মিনিট।

# লেখা শেষে রিভিশন

পরীক্ষা শেষে খাতাটি অবশ্যই রিভিশন দিতে হবে। রিভিশন দিলে খাতার ছোট-বড় অনেক ভুল চোখে পড়ে, যা সহজেই শুধরে নেয়া যায়। তাই খাতা রিভিশন দেয়ার জন্য অন্তত ৫ মিনিট সময় হাতে রাখতে হবে।

# একনজরে সময় পরিকল্পনা:

১.সৃজনশীল অংশের প্রশ্ন নির্বাচন: ৫ মিনিট।

২. সাতটি প্রশ্নের উদ্দীপক পড়া ও চিন্তা করা: ৭ মিনিট।

৩. সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা: ৭ × ১৯ = ১৩৩ মিনিট।

৪. পুরো খাতা রিভিশন দেয়া: ৫ মিনিট।

(মোট সময়: ৫ + ৭ + ১৩৩ + ৫ = ১৫০ মিনিট বা ২ ঘণ্টা ৩০ মিনিট)

সহকারী অধ্যাপক, বাংলা

উপাধ্যক্ষ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়