রবিবার, ০৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২১:৫৪

প্রবাসে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, অপপ্রচার ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

শাহরাস্তি ব্যুরো
প্রবাসে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, অপপ্রচার ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

শাহরাস্তিতে প্রবাসে পাঠানোর নামে টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

রোববার (৭ জুন ২০২৬) বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা তালুকদার বাড়ির বাসিন্দা মো. আশিক ইকবাল।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার ভাই ফজলে রাব্বি সবুজ একজন মেডিকেল টেকনোলজিস্ট। প্রায় চার বছর আগে একই গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী লোকমান হোসেন টিটু তাকে দক্ষিণ আফ্রিকায় নেয়ার প্রস্তাব দেন। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে ভিসা ও অন্যান্য খরচ বাবদ ৭ লাখ টাকা প্রদান করা হলেও টিটু তাকে দক্ষিণ আফ্রিকায় পাঠাতে ব্যর্থ হন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেখানোর পাশাপাশি হুমকি-ধমকি দেয়া হয় বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয় এবং এরই জের ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অভিযুক্তদের পক্ষ নিয়ে তাদের পরিবারের বিরুদ্ধে অবস্থান নেন।

আশিক ইকবাল অভিযোগ করেন, গত ২৯ মে ২০২৬ (শুক্রবার) জুমার নামাজের পর আবদুল খালেক ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ দল তাদের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় পরিবারের চার সদস্যকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, আহত ফজলে রাব্বি সবুজ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার মা ফরিদা ইয়াসমিন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে আশিক ইকবাল প্রবাসে পাঠানোর নামে নেয়া ৭ লাখ টাকা ফেরত পেতে আইনগত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে হামলা, ভাংচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি বলেন, আমরা একটি অসহায় পরিবার। আমাদের ওপর সংঘটিত ঘটনার সুষ্ঠু বিচার এবং প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়