প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৭
কচুয়ায় জমির টপসয়েল বিক্রির দায়ে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড

কচুয়ায় জমির টপসয়েল বিক্রির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার গোহট ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। পুরো অভিযানটি তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা যায়, গোহট ইউনিয়নে দীর্ঘদিন ফসলি জমি থেকে ভেকু মেশিন ও ট্রাক্টর দিয়ে মাটি উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র। এ এলাকায় অভিযান চালান এসি ল্যান্ড মো. আবু নাছির। এ সময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি ভেকু মেশিন বিকল করা হয় এবং মো. কামাল নামে এক ব্যক্তির নিকট থেকে বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলায় সার্বিক সহযোগিতা করে কচুয়া থানা পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসি ল্যান্ড মো. আবু নাছির।








