প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৯
কচুয়ার হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

কচুয়ার বিতারা ইউনিয়নে হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে এ মামলার রায় দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
|আরো খবর
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন : কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের লইয়া মেহের পাঁচধারা গ্রামের মোশারফ হোসেন (৩৫) (পিতা মৃত আ. মজিদ) ও ইয়াসিন (৩৭) (পিতা হাসান)।
রায়ের সময় আসামী ইয়াসিন উপস্থিত ছিলেন। অপর আসামী মোশারফ হোসেন পলাতক ছিলেন।
মামলার এজাহার সুত্রে জানা যায় যে, মামলার বাদী জসিমের পরিবারের সাথে আসামিদের বিদেশে পাঠানোর টাকা পয়সা ও হাওলাত নিয়ে প্রায় ঝগড়া-বিবাদ চলতো। বাদীর মামা ফয়েজ সৌদি আরবে যাওয়ার সময় আসামি মোশাররফ গংয়ের কাছ থেকে এক লক্ষ টাকা হাওলাত নেয়। এই হাওলাতের টাকা নিয়ে বাদী এবং বিবাদীদের মধ্যে প্রায় ঝগড়া হতো। ২০১৮ সালের ২৩ আগস্ট রাতে আসামিরা বাদীর ভাই আলামিনকে একা পেয়ে মারধর শুরু করে। এই ঘটনা শুনে ভিকটিম কেরামত আলী সহ অন্যরা এগিয়ে গেলে আসামিরা কেরামত আলীকে মাথায় আঘাত করলে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথেই ভিকটিম কেরামত আলী মারা যান।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাড. কুহিনূর বেগম ও আসামী ইয়াসিনের পক্ষে অ্যাড. জসিম উদ্দীন প্রধান ও মোশারফের পক্ষে ছিলেন স্টেট ডিফেন্স ল'ইয়ার (এস ডি এল আর) শফিকুল ইসলাম ভুঁইয়া।








