প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ২২:২৮
চাঁদপুর জেনারেল হাসপাতালে লায়ন্স ক্লাবের বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য নিরাপদ পানীয় জলের সুব্যবস্থা নিশ্চিতে একটি উন্নতমানের পানির ফিল্টার স্থাপন করেছে লায়ন্স ক্লাব অব চাঁদপুর।
|আরো খবর
শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে হাসপাতালের প্রধান প্রবেশদ্বারে স্থাপিত এ পানির ফিল্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান। এর আগে শুক্রবার (২ অক্টোবর ২০২৬) ফিল্টারটি বসানো হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, হাসপাতালে প্রতিদিন শত শত রোগী ও সেবাপ্রত্যাশী মানুষের আগমন ঘটে। তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ অত্যন্ত জরুরি। লায়ন্স ক্লাব অব চাঁদপুরের এই মানবিক উদ্যোগ রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি অনেকটাই কমাবে। জনকল্যাণমুখী এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ ও সাধুবাদ জানান।
আয়োজনের বিশেষ অতিথি চাঁদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. হারুনুর রশীদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ এবং চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সুপারভাইজার আবু ইউছুফ উপস্থিত থেকে এ উদ্যোগের প্রশংসা করেন।
উদ্বোধনী বার্তা ও পরিকল্পনা নিয়ে লিও ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন বলেন, অক্টোবর মাসজুড়ে লায়ন্স ও লিও ক্লাব 'সার্ভিস মান্থ' হিসেবে নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সেবামাসের শুভ সূচনা হিসেবেই সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে হাসপাতালে এই পানির ফিল্টারটি স্থাপন করা হলো। আগামীতে মানবসেবামূলক এমন ধারা অব্যাহত রাখতে আমরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
লিও ক্লাব অব চাঁদপুরের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি ও উপদেষ্টা ওয়ায়েছ মোহাম্মদ জয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লিও ক্লাব অব চাঁদপুরের নির্বাহী কমিটির কর্মকর্তা, সাধারণ সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।








