প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২১:০২
বর্ণাঢ্য আয়োজনে ফরিদগঞ্জ লেখক ফোরামের বাংলা বর্ষবরণ

ফরিদগঞ্জ লেখক ফোরাম ও খুনজুড়ি শিল্প একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে বরণ করে নেয়া হলো নতুন বছরকে।
|আরো খবর
বাঙালির চিরায়ত সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যকে ধারণ করার লক্ষ্য নিয়ে ফরিদগঞ্জে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩। স্থানীয় আইফা মাঠে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে ফরিদগঞ্জ লেখক ফোরাম ও
খুনজুড়ি শিল্প একাডেমি। বর্ণিল এই আয়োজনে কবিতা পাঠ, চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলার মাধ্যমে স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষ মেতেছিলেন প্রাণের উৎসবে।
বেলা সাড়ে ১২টায় ঐতিহ্যবাহী ‘পান্তা ভোজন’-এর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। তবে সরকারি নিষেধাজ্ঞা মান্য করে খাবারের মেন্যুতে ইলিশের পরিবর্তে রাখা হয়েছে রুই মাছ ও দেশীয় হরেক রকমের ভর্তা। খাবারের এই বিশেষত্বে বাঙালির চিরায়ত খাদ্যাভ্যাস ফুটে ওঠে।
আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ ছিলো শিশুদের আঁকা ছবির ‘চিত্র প্রদর্শনী’। খুনজুড়ি শিল্প একাডেমির শিক্ষার্থীদের তুলিতে উঠে আসা বাংলার প্রাকৃতিক দৃশ্য ও গ্রামীণ জীবন আগত দর্শনার্থীদের বিশেষভাবে মুগ্ধ করে। এরপর শুরু হয় বড়ো ও ছোটদের অংশগ্রহণে বৈশাখের কবিতা পাঠ। কবি দন্ত্যন ইসলাম অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করে শোনান। সাংস্কৃতিক পর্বে শিশুদের মনোমুগ্ধকর নাচ ও গান ছিলো দেখার মতো। বিশেষ করে শিশুদের নৃত্যে মুগ্ধ হয়ে দর্শনার্থীদের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করতেও দেখা যায়।
বিকেলের পর্বে আইফা মাঠ মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী সব গ্রামীণ খেলায়। পুরুষদের জন্যে ছিলো হাড়ি ভাঙ্গা ও কাচি টানা প্রতিযোগিতা। নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ‘চেয়ার বদল ও হাড়ি ভাঙ্গা’ খেলায়। এছাড়া শিশুদের জন্যে ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব বাঙালিয়ানা খেলায় অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে খুনজুড়ি একাডেমির কৃতী শিক্ষার্থীদের মাঝে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী’ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সমস্ত খেলাধুলার বিজয়ী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেয়া হয়।
ফরিদগঞ্জ লেখক ফোরাম সভাপতি ফরিদ আহমেদ মুন্নার সভাপতিত্বে পুরো আয়োজনটির উপস্থাপনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বিশিষ্ট লেখক ও সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ। স্বাগত বক্তব্য রাখেন ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক আব্দুল মতিন ও টুটুল পাটওয়ারী, ফরিদগঞ্জ যুব উন্নয়ন অফিসার মেজবাহ উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কেএম নজরুল ইসলাম, পাভেল আল ইমরান, সাধারণ সম্পাদক তারেকুর রহমান তারু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, দপ্তর সম্পাদক টিটু হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং জাতীয় ঐতিহ্যের ধারক ও বাহক। ঐতিহাসিকভাবে ব্যবসায়ীদের দেনাপানা চুকিয়ে ফেলার ‘হালখাতা’ উৎসব থেকে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এটি বাঙালির প্রধান অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে।








