প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৫:৩৬
মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব উত্তর উপজেলা পরিষদ ও উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী আয়োজনে ছিলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও হালখাতা খোলার মতো ঐতিহ্যবাহী আয়োজন।
|আরো খবর
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে সকালেই বের হয় বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। রঙ্গিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রা সবার দৃষ্টি কাড়ে। পরে উপজেলা বটতলায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি'র সভাপতিত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুব আলম লাভলু ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন।
উৎসবমুখর এ আয়োজনে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলা নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলেন।








