শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৮

মতলব উত্তরে রাস্তা সংস্কারের বিরোধে যুবককে কুপিয়ে জখম

মতলব উত্তর ব্যুরো।।

মতলব উত্তরে রাস্তা সংস্কারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে নূরনবী (২৬) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মধ্য টরকী গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত নূরনবী বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলাচলের রাস্তা সংস্কারকে কেন্দ্র করে নূরনবীদের পরিবারের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নূরনবীদের বাড়ির আঙিনায় প্রবেশ করে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে নূরনবীকে কথা বলার কথা বলে ঘর থেকে বাইরে ডেকে আনা হয়। পরে বাড়ির আঙিনায় কয়েকজন মিলে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পরিবারের। হামলাকারীদের একজন চাইনিজ কুড়াল দিয়ে নূরনবীর মাথায় কোপ দেয়ার চেষ্টা করলে তিনি দু হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার ডান হাতে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। পরে আরেকজন ধারালো লোহার ছেনা দিয়ে তার বাম হাতের বাহুতে আঘাত করেন। এতে ওই হাতেও গুরুতর জখম হয় এবং হাড় ভেঙে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নূরনবীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন।

এ ঘটনায় আহত নূরনবীর বড় ভাই মো. হানিফ বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মো. মুক্তার হোসেন (৩৩), মো. সিয়াম মিয়া (২৬), মো. মাসুম মিয়া (৩৪), মো. মাসুদ সরকার (৩৪) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬জনকে অভিযুক্ত করা হয়েছে।

আহত নূরনবীর বড় ভাই ও মামলার বাদী মো. হানিফ বলেন, আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলায় সে গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, ঘটনার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়