প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৮
মতলবে রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো যুবদল নেতার দোকান

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার মতলব সেতুর দক্ষিণ পাশের গোলচত্বর এলাকায় এক যুবদল নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা এতে আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
|আরো খবর
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির মালিক জেলা যুবদলের সদস্য ও মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রোমান কাজী। তবে দোকানটি যৌথভাবে পরিচালনা করতেন তাঁর ভাই আব্দুল হাই ও ভাতিজা হোসেন কাজী।
মামলার বাদী হোসেন কাজী জানান, "ঘটনার দিন রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে আমরা বাড়ি চলে যাই। রাত পৌনে ৪টার দিকে প্রতিবেশীদের ডাক- চিৎকারে গিয়ে দেখি দোকানে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে একটি ফ্রিজসহ ভেতরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে আমাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শত্রুতাবশত দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।"
এ বিষয়ে যুবদল নেতা রোমান কাজী বলেন, "দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে আমার দোকান পুড়িয়ে দিয়েছে। আমি এই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








