প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৭:২৭
ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ

ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। সোমবার (১৮ মে ২০২৬) দিবাগত রাতে চির্কা চাঁদপুর গ্রামে মো. বিল্লাল হোসেনের বসতবাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। যদিও পুলিশের ধারণা, চুরির ঘটনা দেখে ফেলায় মারধরের শিকার হয়েছেন গৃহস্থ নারী।
ভুক্তভোগী বিল্লাল হোসেনের স্ত্রী মোসাম্মৎ খুর্শিদা বেগম জানান, আমার ছেলে প্রবাসে থাকে। মেয়ে থাকে তার স্বামীর বাড়িতে। আমার স্বামী ঢাকাতে ছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার রাত ১১ টার দিকে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ২টা নাগাদ বসতঘরের জানালার গ্রিল ভেঙ্গে ডাকাতদল প্রবেশ করে। এ সময় তিনি ঘুম থেকে জাগ্রত হলে ডাকাত দলের সদস্যরা তাকে মারধর ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে । ডাকাত দলের সদস্যরা তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুলসহ ঘরে থাকা স্বর্ণালঙ্কার ৩ ভরি, নগদ ৩ লাখ টাকা, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ১১টি বিদেশী কম্বল, কসমেটিক্সসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দল চলে গেলে তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে জরুরীসেবা ৯৯৯ নাম্বারে কল দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায় তাকে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরের দল চুরি করার সময় গৃহস্থ দেখে ফেলায় তাকে মারধর করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।







