প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০০:২২
ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন! হুমকিতে হাইমচরের নদী রক্ষা বাঁধ
থানায় মামলা, আটক ৫

হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে বালুখেকো একটা মহল। এতে নদী তীর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
|আরো খবর
উপজেলার চরভৈরবী ইউনিয়নের ১নং গাজীনগর এলাকায় নদী রক্ষা বাঁধ সংলগ্ন কয়েক একর বালুচর ড্রেজার দিয়ে কেটে নেয়ায় সেখানে এখন সৃষ্টি হয়েছে গভীর পানির অংশ। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি চরম ঝুঁকিতে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেঘনার তীরে জেগে ওঠা ওই বিস্তীর্ণ বালুচরটি দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের খেলাধুলার একমাত্র জায়গা ছিলো। গত সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলেও সেখানে ফুটবল খেলা হয়েছে। কিন্তু মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে গিয়ে তারা দেখেন রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু কেটে নেয়ায় পুরো মাঠটি বিলীন হয়ে গেছে, সেখানে এখন শুধু পানি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা দুলু মুন্সি ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিন আগেও এখানে ছেলেরা খেলাধুলা করেছে। সকালে এসে দেখি কিছুই নেই। বালু কেটে নেয়ায় এখন বাঁধ ভেঙ্গে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাঁধ ভেঙ্গে গেলে আমাদের ঘরবাড়ি নদীতে তলিয়ে যাবে।
ঘটনার প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড-এর পক্ষ থেকে সাতজনকে আসামি করে হাইমচর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে বিভিন্ন জেলার বাসিন্দারা রয়েছে বলে জানা গেছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকি দু আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত-এর নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় স্টকে থাকা ব্লক এনে প্রাথমিকভাবে ভাঙ্গন ঠেকানোর কাজ শুরু করা হয়েছে।
ডিসিকে /এমজেডএইচ








