প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২০:৩৪
পল্লীসঞ্চয় ব্যাংক আইন সংশোধন উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন নূরে আলম তালুকদার

বিশেষায়িত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংকের নীতিগত সংস্কার ও আর্থিক শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন চাঁদপুরের কৃতী সন্তান নূরে আলম তালুকদার। সর্বশেষ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে পল্লীসঞ্চয় ব্যাংক আইন (২০১৪) সংশোধন কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, পল্লীসঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও অডিট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ক্ষুদ্রঋণ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ নীতিনির্ধারক হিসেবে পরিচিত নূরে আলম তালুকদার গত ২০২৫ সালের ২৮ জুন পল্লী সঞ্চয় ব্যাংকের বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ পান।
পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংকের নানা অসংগতি দূর ও উন্নয়নে একাধিক কার্যকর পদক্ষেপ নিয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ঋণের নিরাপত্তা নিশ্চিত করতে চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প রাখার বিধান চালু করা। আগে ১০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের বিপরীতে কোনো সিকিউরিটি রাখা হতো না, ফলে প্রায় ৭০ শতাংশ ঋণ খেলাপি হয়ে পড়ে এবং আদায়ে ঝুঁকি তৈরি হয়। নূরে আলম তালুকদারের জোর দাবিতে ৫০ হাজার টাকা বা তদূর্ধ্ব ঋণ বিতরণের ক্ষেত্রে চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প রাখার বিধান করা হয় এবং চেকের মাধ্যমে ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়, যা ব্যাংকের মূলধনকে অনেকটাই নিরাপত্তার আওতায় আনে।
এ ছাড়া ব্যাংকের মূলধন বাড়াতে ডিপিএস চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রতি বছর ন্যূনতম প্রায় এক হাজার কোটি টাকা মূলধন বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি প্রায় ৭০ শতাংশ খেলাপি ঋণ আদায়ে শতভাগ রিকভারি লক্ষ্য নিয়ে বোর্ডে সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে খেলাপি ঋণের হার ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। পূর্বের ক্ষুদ্রঋণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে গত ১৫ মাসে এসব উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট তথ্যমতে, পল্লীসঞ্চয় ব্যাংকের বর্তমান মোট মূলধন প্রায় ১২ হাজার কোটি টাকা। আগামী দুই বছরের মধ্যে এই মূলধন প্রায় ২০ হাজার কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে চান নূরে আলম তালুকদার। তবে এ লক্ষ্য পূরণে দক্ষ ব্যবস্থাপনার পাশাপাশি কাজের পরিবেশ ও সুযোগ থাকা জরুরি বলে মনে করেন তিনি।
আগে ব্যাংকটিতে কোনো রিস্ক ম্যানেজমেন্ট কমিটি ছিলো না এবং অডিট কমিটিও সক্রিয় ছিলো না। নূরে আলম তালুকদার বোর্ডে যুক্ত হওয়ার পর তাঁর উদ্যোগে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি গঠন ও অডিট কমিটি সক্রিয় করা হয়। এতে ঋণ আদায়ে তদারকি জোরদার হয়েছে এবং খেলাপি ঋণ কমতে শুরু করেছে। এ ছাড়া প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ বা অনিয়মের অর্থ উদ্ধারে নীতিমালা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্যাংকের স্বার্থে এসব সংস্কারমূলক পদক্ষেপ নিতে গিয়ে তাঁকে নানা প্রতিবন্ধকতা ও ঝুঁকির মুখেও পড়তে হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি মূলধন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকা আনার উদ্যোগও নিয়েছেন তিনি। এ ছাড়া দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পল্লী সবুজায়ন প্রকল্প বাস্তবায়নেও নীতিগত ভূমিকা রাখছেন।
আইন সংশোধন কমিটির সভাপতি হিসেবে রয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন। কমিটির আরেক সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব সুভ্রত কুমার সিকদার।
উল্লেখ্য, নূরে আলম তালুকদার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রুদ্রগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।








