প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৯:৪৯
হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু, তার দগ্ধ বোনকে কুমিল্লায় প্রেরণ

হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে দেড় বছর বয়সী শিশু আনাছ। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে তার বড় বোন মরিয়ম (৩)। রোববার (২২ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের আতিক মেম্বার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত আনাছ ও দগ্ধ মরিয়ম ওই বাড়ির নাজির আহম্মেদের সন্তান। গুরুতর দগ্ধ মরিয়মকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরের দিকে শিশু দুটি বসতঘরে ঘুমিয়ে ছিল। এ সময় তাদের মা ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা ছিলেন বাড়ির বাইরে। হঠাৎ বাড়ির লোকজন দুটি বসতঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘটনাস্থলেই পুড়ে মারা যায় শিশু আনাছ এবং গুরুতর দগ্ধ হয় তার বোন মরিয়ম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে; শিশু দুটির মা-বাবা ও স্বজনদের গগনবিদারী কান্নায় বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম। তিনি চাঁদপুর কণ্ঠকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর দগ্ধ অপর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি বলেন যে, ঘটনাস্থলে গিয়ে তিনি নিজেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন; নিহত ও দগ্ধ শিশুদের মা-বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তাঁর জানা নেই।








