প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৯:৪০
মৃত্যুদণ্ডের আদেশ প্রত্যাহারের দাবিতে আসামির পরিবারের সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জে যুবলীগ নেতা কামরুল হাসান রতন হত্যা মামলায় আসামি মো. শাহাদাত হোসেন সরদারকে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার স্বজনরা। উচ্চ আদালতে আপিল শুনানিতে রায় প্রত্যাহার এবং মামলাটির অধিকতর তদন্তের দাবিতে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করেছেন তারা।
|আরো খবর
রোববার (২২ নভেম্বর ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেন সরদারের বোন তাসলিমা বেগম।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসামির ভাই শাহাজাহান সর্দার, বোন রিনা বেগম, ফাহিমা বেগম ও মহিমা বেগম, ভাগ্নে মো. সাগর, ভাতিজা সাহাবুদ্দিন সর্দার, প্রতিবেশী রুহুল আমিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে তাসলিমা বেগম দাবি করেন, তার ভাই শাহাদাত হোসেন সরদার দীর্ঘদিন ধরে ঢাকায় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। স্ত্রী আঞ্জুমা বেগম, শ্যালক কামরুল হাসান রতন ও শ্বশুর আবুল বাসার গং তার ১১ কোটি ৫২ লাখ টাকা বিভিন্ন মাধ্যমে আত্মসাৎ করেন। এ নিয়ে শ্যালক ও দুলাভাইয়ের মধ্যে বিরোধ তৈরি হলে আদালত ও থানায় মামলা হয় এবং পরবর্তীতে সমঝোতা বৈঠক বসে। ওই বৈঠকে শ্বশুরবাড়ির লোকজন শাহাদাতকে ৪ কোটি ৭৭ লাখ টাকা দেনার কথা স্বীকার করেন বলে দাবি করেন তিনি।
তাসলিমা বেগম আরও দাবি করেন, পাওনা টাকা নিয়ে তীব্র বিরোধের জেরে ২০২২ সালের ২০ এপ্রিল বিকেলে ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে শ্যালক ও দুলাভাইয়ের মধ্যে মারামারি হয়। তার ভাষ্য অনুযায়ী, যে ছুরি দিয়ে কামরুল হাসান রতনের মৃত্যু হয়েছে, সেই ছুরি দিয়ে প্রথমে রতন নিজেই শাহাদাতকে ছুরিকাঘাত করেন। আত্মরক্ষার্থে প্রতিরোধ করার সময় উল্টো ছুরিকাহত হয়ে রতন মারা যান। এ ঘটনায় পুলিশ শাহাদাত হোসেন সরদারকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলাটির তদন্তকারী কর্মকর্তা, তৎকালীন ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বরকত উল্যাহ সঠিকভাবে তদন্ত না করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তাই মামলাটি অধিকতর তদন্ত করে সঠিক বিচারের দাবি জানান স্বজনরা।
উল্লেখ্য, এ ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে নিহতের ভগ্নিপতি মো. শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
এ বিষয়ে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ বলেন, প্রায় চার বছর ধরে চলা বিচারিক কার্যক্রমে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ, মামলার নথিপত্র পর্যালোচনা এবং আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।








