প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৬
নির্বাচনকালীন র্যাব-১১-এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

অপরাধ দমনের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কুমিল্লা ও চাঁদপুর জেলার ১৬টি সংসদীয় আসনে র্যাবের একাধিক মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কুমিল্লা একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশ এবং অপরাধীদের গমনাগমন রোধে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর, চাঁদপুর শহর ও এর আশেপাশের এলাকায় র্যাবের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব নিরলস কাজ করে যাচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন তল্লাশির কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ পরিস্থিতির জন্যে র্যাবের একটি ‘কুইক রেসপন্স টিম’ সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে, যারা যে কোনো বড়ো ধরনের সহিংসতা বা দাঙ্গা দমনে সক্ষম। এছাড়াও জনসাধাণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে র্যাবের টহল টিমের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।








