প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪
হাইমচরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা
আগামী দিনে হাইমচর উন্নয়নের একটি রোল মডেল হবে
-----------------শেখ ফরিদ আহমেদ মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাইমচর উপজেলা সদরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে জনসভায় বক্তব্য রাখেন চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহতায়ালা যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আর আমাদেরকে বাঁচিয়ে রাখে, হাইমচর থেকে পুরাণবাজার জাফরাবাদ পর্যন্ত চার লেনের রাস্তা হবে। হাইমচর থেকে পুরাণবাজার পর্যন্ত বাঁধ তৈরি করে দেওয়া হবে। হাইমচরে যেখানে যেখানে ভাঙ্গন আছে সেখানে স্থায়ী বাঁধের ব্যবস্থা করবো। স্কুল-কলেজে যারা পড়তে চায়, বেতন দেওয়ার সামর্থ্য নেই, তাদের জন্যে সকল ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, প্রিয় ভাই ও বোনেরা, আগামী দিনের হাইমচর উন্নয়নের একটি রোল মডেল হবে। এখানে একটি ইপিজেড স্থাপন করা হবে। হাইমচরের মানুষ যেন বিশুদ্ধ পানি খেতে পারে সেজন্যে একটি পানির প্লান্টও স্থাপন করা হবে। হাইমচরে যে হাসপাতালটি রয়েছে সে হাসপাতালটি আধুনিকায়ন করা হবে। হাসপাতালে ভালো মানের ডাক্তার রাখা হবে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, এখানে প্রতিটি ইউনিয়নে একটি করে ক্লিনিক স্থাপন করা হবে ।
তিনি আরো বলেন, আগামী ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে বাংলার মসনদে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেবেন। আপনারা সুশৃঙ্খলভাবে বৃহস্পতিবার সকাল সকাল কেন্দ্রে গিয়ে আপনাদের ভোট প্রয়োগ করবেন। এখানে যারা উপস্থিত আছেন, আপনারা জানেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা খবর রাখেন, ১টি দল বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। সিল পাওয়া গেছে, তারা ব্যালট পেপারও ছাপিয়েছে।
তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ রইলো, আপনারা সজাগ থাকবেন। কালো টাকা যাতে কোনোভাবেই এ ইলেকশনকে প্রভাবিত করতে না পারে সেদিকে আপনারা নজর রাখবেন। আপনারা নিজেরা আইন হাতে নেবেন না। আপনারা যখন এ রকম কিছু দেখবেন, থানায় বা ম্যাজিস্ট্রেটের কাছে খবর দেবেন, তারা এসে ব্যবস্থা নেবেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার পাশাপাশি আগামীতে তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে পারে সেজন্যে সকলে দোয়া করবেন।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহীন, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের চাঁদপুর জেলা নেতা মুফতি মাওলানা সিরাজুল ইসলাম, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার গাজী, মোস্তফা বন্দুকসী, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সচিব জহিরুল ইসলাম মিয়াজী, হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সভাপতি নাছিমা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে মহিলা-পুরুষরা স্থানীয় নেতাকর্মীদের নেতৃত্বে সমাবেশে অংশগ্রহণ করেন। দুপুর হতেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জনসভায় আসতে শুরু করেন।








