রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫১

ফরিদগঞ্জে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর পৃথক স্থানে পাল্টাপাল্টি সমাবেশ

বিএনপির সমাবেশে প্রধান অতিথি হাবিব উন নবী খান সোহেল স্বতন্ত্র প্রার্থীর অতিথি সাইফুল আলম নিরব, রুমিন ফারহানা ও সাজু

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর পৃথক স্থানে পাল্টাপাল্টি সমাবেশ

সরগরম হয়ে উঠবে সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা। একদিকে ধানের শীষের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অন্যদিকে একই দিনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির বিদ্রোহী তথা স্বতন্ত্র প্রার্থী, সদ্য বহিষ্কৃত, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের চিংড়ি প্রতীকের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নিরব। এছাড়া শোল্লা আশেক আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও ঢাকা-১৪ আসনের সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুও উপস্থিত থাকার কথা রয়েছে। তবে তারা সশরীরে না ভার্চুয়ালি উপস্থিত থাকবেন তা এখনো নিশ্চিত করতে পারেন নি আয়োজকবৃন্দ।

বিএনপির সমাবেশটি সকাল ১১টায় ফরিদগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি রাশেদা বেগম হীরা, স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, তথ্য ও প্রযুক্তি বিষয়

সহ-সম্পাদক এইচ এম সাইফ আলী খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম আবিদ উপস্থিত থাকবেন।

এদিকে একই দিনে একই সময়ে দু স্থানে পৃথক এই জনসভা নিয়ে সরগরম হয়ে উঠেছে পুরো ফরিদগঞ্জ। উভয় প্রার্থী জনসভায় সর্বোচ্চ পর্যায়ে জনসমাগম নিশ্চিত করতে কাজ করছেন বলে উভয় প্রার্থীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়