প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২০:৪৭
২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচি সফল করতে চাঁদপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা
ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে
--কুমিল্লা বিভাগীয় যুবদলের সমন্বয়ক মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ করবে। চাঁদপুরেও কেন্দ্রীয় এ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর জেলা যুবদল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় নেতৃবৃন্দ দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে যে কোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
|আরো খবর
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় যুবদলের সমন্বয়ক মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ। তিনি বলেন, চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটি অত্যন্ত সুন্দর ও দক্ষ হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। কেউ যেন ত্যাগের পরও বাদ না পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর বিএনপির হাতে তাদের কোনো নেতা-কর্মী নিহত হননি; বিএনপির নেতা তারেক রহমান সবাইকে ক্ষমা করে দিয়েছেন। অথচ আওয়ামী লীগ সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের নিরাপত্তায় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ফিরোজ আবদুল্লাহ।
তিনি বলেন, ক্ষমতা দিয়ে নয়, ইনসাফ দিয়ে মানুষের মন জয় করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় সহ-সমন্বয়ক এজমল হোসেন পাইলট। জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আশরাফুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ নাছির উদ্দিন সরকার শাওন।
সভায় বক্তারা বলেন, হাসপাতাল ও থানার মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিহত করতে নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় মতলব দক্ষিণ উপজেলা ও পৌর, মতলব উত্তর উপজেলা ও পৌর, হাইমচর উপজেলা, কচুয়া উপজেলা ও পৌর, শাহরাস্তি উপজেলা ও পৌর, হাজীগঞ্জ উপজেলা ও পৌর এবং চাঁদপুর সদর ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








