প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১২:১৩
মতলব উত্তরে আগুনে পুড়ে গেছে কৃষকের বসতঘর ও গোয়ালঘর, প্রাণ গেলো দুটি গাভিন গরুর

মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক হযরত আলী শিকদারের বসতঘর ও গোয়ালঘর পুড়ে গেছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরু পুড়ে মারা গেছে এবং ঘরের আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
|আরো খবর
গত সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হযরত আলী শিকদার (৫৩) ওই গ্রামের মৃত সিরাজুল ইসলাম শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে হঠাৎ করেই হযরত আলী শিকদারের দোচালা বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের গোয়ালঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্র শিখা দেখে স্থানীয়রা এগিয়ে এসে তা নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘর, গোয়ালঘর ও ভেতরে থাকা দুটি গাভিন গরুকে পুড়ে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব হয়নি।
আগুন নেভানোর কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, "আগুনের খবর শুনেই দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছিল। আমরা স্থানীয়রা মিলে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালাই। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার বলেন, "আগুনে আমার শেষ সম্বল বসতঘর, গোয়ালঘর ও ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে। চোখের সামনে আমার দুটি গাভিন গরুও পুড়ে মারা গেলো। এখন সবকিছু হারিয়ে পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছি।"
প্রাথমিকভাবে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকেই আগুনের এই সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।








