প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:৫৫
সড়ক নিরাপদ ও যানজটমুক্ত করতে সওজ-এর উদ্যোগ
৪৭ লাখ টাকা ব্যয়ে অপসারণ হচ্ছে ৬০টি বৈদ্যুতিক খুঁটি

সড়ককে নিরাপদ ও যানজটমুক্ত করতে দৃশ্যমান উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এর অংশ হিসেবে প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে হাজীগঞ্জ ও বাকিলা এলাকার আঞ্চলিক মহাসড়কের ওপর থাকা ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি অপসারণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই ২৪টি খুঁটি নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে, যা এ অঞ্চলের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে বড় ভূমিকা রাখছে।
সওজ সূত্রে জানা যায়, গত ১ ও ২ নভেম্বর দু দিনব্যাপী পরিচালিত এই কার্যক্রমে হাজীগঞ্জ এলাকায় ১৯টি এবং বাকিলা এলাকায় ৫টি বৈদ্যুতিক খুঁটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ব্যস্ততম হাজীগঞ্জ বাজারসংলগ্ন প্রায় এক কিলোমিটার সড়কে খুঁটি অপসারণের কাজ এখন শেষ পর্যায়ে। সড়কের মাঝখানে এসব খুঁটি থাকায় দীর্ঘদিন ধরে তীব্র যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহনে চরম বিঘ্ন ঘটছিল।
এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান জানান, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় কাজটি শুরু করতে বেশ বেগ পেতে হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বুঝিয়ে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়। তিনি বলেন, "এ অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মহাসড়ক থেকে বৈদ্যুতিক পিলারগুলো অপসারণ করা। আমরা সেই দাবি বাস্তবায়ন করতে পেরেছি। এতে মহাসড়ক আরও নিরাপদ এবং সবার যাতায়াত স্বস্তিদায়ক হবে।"
এদিকে, কচুয়া-রহিমানগর সড়কের দেড় কিলোমিটার অংশে থাকা আরও ৩৬টি বৈদ্যুতিক খুঁটি অপসারণের প্রক্রিয়াও দ্রুত শুরু হচ্ছে। এই কাজ সম্পন্ন হলে ওই সড়কের দীর্ঘদিনের যাতায়াত সংকটও দূর হবে।
সওজ সূত্র আরও জানায়, চাঁদপুর সড়ক বিভাগের অধীন কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ এবং কালিয়াপাড়া-কচুয়া সড়কের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি পেভমেন্ট ও এলাইনমেন্টের মধ্যে থাকায় উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজে বাধা সৃষ্টি হচ্ছিল। এসব খুঁটি অপসারণের মাধ্যমে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্বিঘ্ন করার পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
প্রায় ৪৭ লাখ টাকার এ প্রকল্পের কাজ সম্পূর্ণ বাস্তবায়িত হলে হাজীগঞ্জ বাজারের যানজট অনেকাংশে কমবে, ব্যবসায়ীদের পণ্য আনা-নেয়া সহজ হবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বহুলাংশে হ্রাস পাবে বলে মনে করছেন স্থানীয়রা।
এই জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য চাঁদপুর সওজ-এর নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও এলাকাবাসী। তাদের প্রত্যাশা, বাকি থাকা খুঁটিগুলোও দ্রুত অপসারণ করা হলে এ অঞ্চলের মহাসড়কগুলো পুরোপুরি নিরাপদ ও প্রশস্ত হয়ে উঠবে।








