প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ২১:২৩
আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন
-----জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম

"আমাদের মধ্যে কোনো ধরনের বৈষম্য নেই। আপনারা সম্পূর্ণ নির্ভয়ে ও নির্বিঘ্নে পূজা উদযাপন করুন,"—বলেছেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) মতলব বাজারে 'শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির' প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, "আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ—কাউকে সংখ্যালঘু বলা যাবে না। আমরা সবাই স্বাধীন বাংলাদেশের সমান নাগরিক। বাংলাদেশ আমাদের সবার, এখানে কোনো ধরনের বৈষম্যের স্থান থাকবে না। আমি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি এবং সকল উৎসব যেন সার্বজনীন উৎসবে পরিণত হয়, সে লক্ষ্যে কাজ করছি।"
|আরো খবর
তিনি আরও যুক্ত করেন, "আবহমানকাল থেকে এ দেশের হিন্দু, মুসলমানসহ সকল ধর্মের মানুষ এক সূত্রে গেঁথে মিলেমিশে বসবাস করে আসছে, যা সম্প্রীতির এক অনন্য উদাহরণ। সরকারবিরোধী গণআন্দোলনে আপনাদের ভূমিকা ছিলো অপরিসীম।" এ সময় তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা পৌঁছে দেন।
মতবিনিময় সভায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. সেলিমুছ সালাম, অ্যাডভোকেট মুনিরা বেগম চৌধুরী এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম মতলবে জেলা পরিষদের ডাকবাংলোর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এছাড়া তিনি মতলবের আব্দুর রশিদ ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেন।







